০৩ মার্চ, ২০২৬ ১৬:০১
নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে পরিবর্তনের ধারাবাহিকতায় এবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করলেন।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেন। এরপর তাদের পদত্যাগের বিষয়টি জানানো হয়।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর আলি আকবার আজিজী বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত ১৫ মাস কাজ করেছি। আমাদের কাজের মূল্যায়ন আপনারাই করবেন। তবে বলতে পারি, আগের কমিশনগুলোর তুলনায় আমরা বেশি কাজ করেছি।”
চেয়ারম্যান মোমেন ও তার কমিশন এদিন সকালেও সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়ায় দুদকের নেতৃত্বেও পরিবর্তন আসে।
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১২ ডিসেম্বর মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যানের দায়িত্ব দেয়। তার আগ পর্যন্ত তিনি চুক্তিতে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার দুদিন আগে ১০ ডিসেম্বর অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদকে কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। আলি আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব নেন।
আপনার মন্তব্য