০৫ মার্চ, ২০২৬ ০০:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুতে সংগঠনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার তথ্য বুধবার রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।”
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এদিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
গেল সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস প্রার্থী হয়ে পরাজিত হন হামিম।
তার আগে শুক্রবার রাতে সংগঠনের তরফে একই অভিযোগে হামিমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে অভিযোগের জবাব দিতে বলা হয়েছিল।
তবে সে দিন রাতেই ফেইসবুকে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, নোটিসের জবাব তিনি দেবেন না।
আপনার মন্তব্য