সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০২৬ ১৪:৪৩

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শপথ নিলেন আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হয়েছেন। এছাড়া ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা কায়সার কামাল হয়েছেন ডেপুটি স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে আসিন হওয়ায় মন্ত্রিসভায় তারা আর থাকতে পারছেন না।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ শূন্য হওয়ায় এই পদে নতুন এসেছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।

বৃহস্পতিবার দুপুরে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। আহমেদ আযম খান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।

এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চের প্রজ্ঞাপনমূলে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

১৭ ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন হাফিজউদ্দিন আহমেদ ও কায়সার কামাল। এতদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন হাফিজউদ্দিন আহমেদ। কায়সার কামাল ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে।

আপনার মন্তব্য

আলোচিত