২০ মার্চ, ২০২৬ ২০:২২
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ পালিত হয়। আগের দিন বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদ্যাপিত হয়েছে।
সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ–সবখানেই এখন ঈদের জামাতের অপেক্ষা।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় এ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সিলেটে কোথায় কখন ঈদের জামাত
বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্টিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্টিত হবে। আজ সকালে ঈদগাহ পরিদর্শনে গিয়ে এমনটি জানিয়েছেন পবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সিলেটের দুই মন্ত্রী বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারি অনেক কর্মকর্তাও শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।
হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়।
বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্টিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।
হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।
আপনার মন্তব্য