সিলেটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬ ১৮:৪৬

বাংলাদেশিদের ভিসা আবেদনে ভুয়া নথির ব্যাপারে সতর্ক করল অস্ট্রেলিয়া- কানাডাসহ ১৩ দেশ

ভিসার জন্য আবেদন করার সময় ভুয়া নথি, লাইসেন্সবিহীন এজেন্ট এবং অননুমোদিত অর্থ লেনদেন ব্যবস্থা ব্যবহার না করতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ পশ্চিমা দেশ।

দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।

এই দেশগুলোর বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট হাইকমিশন ও দূতাবাসগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে যৌথ এই সতর্ক বার্তা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা নিতে সব আবেদনকারীকে আমরা যৌথভাবে সরকারি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানাই।’

এতে আবেদনকারীদের ভুয়া নথি, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্ট ব্যবহার না করতে এবং অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা মিশনের কাছে অর্থ প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে (ভিসা প্রক্রিয়ায়) বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা কিংবা গুরুতর আইনি শাস্তির মতো পরিণতি হতে পারে।

মিশনগুলো জানিয়েছে, তারা কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। ভিসা সিদ্ধান্তে বিশেষ প্রভাব বা প্রবেশাধিকার আছে দাবি করা কোনো মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করতে আবেদনকারীদের পরামর্শ দিয়েছে তারা।

‘সবসময় যাচাইকৃত তথ্য ও বৈধ কর্তৃপক্ষের সরবরাহ করা সরকারি মাধ্যমের ওপর নির্ভর করুন। সবার জন্য নিরাপদ, ন্যায্য ও স্বচ্ছ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করাই আমাদের যৌথ অগ্রাধিকার’, বলা হয়েছে বিবৃতিতে।

আপনার মন্তব্য

আলোচিত