সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬ ১৩:৫৪

বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি-এই চেতনা হোক আমাদের শক্তি। আমাদের নেতা, আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ, বাংলা নববর্ষে সাধারণ ছুটি ঘোষণা করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাংলার বিভিন্ন ঐতিহ্য প্রদর্শন ও পালনের মাধ্যমে আমাদের স্বতন্ত্র জাতিসত্তা যাতে করে উজ্জীবিত হয়-সে বিষয়টিকে তিনি বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন।

জিএম কাদের বলেন, একথা অনস্বীকার্য তিনি, বাঙালি জাতির অনেক ত্যাগ, তিতিক্ষা, আত্মাহুতির ও অর্জনের গৌরবোজ্জ্বল ভূমিকা ও ইতিহাসকে বাস্তবায়ন ও সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি ভাষা আন্দোলনের অর্জন “রাষ্ট্র ভাষা বাংলা"কে রাষ্ট্রীয় সকল স্তরে প্রচলনের জন্য আইন প্রণয়ন করেন ও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন । ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ “শহিদ মিনার”কে পরিপূর্ণরূপে পুনঃনির্মাণ করেন। বাংলাদেশের স্বাধীনতার অনন্য প্রতীক “জাতীয় স্মৃতিসৌধ” নির্মাণ সমাপ্ত করেন। মুজিবনগরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাজধানী। পল্লীবন্ধু এরশাদ, সে স্মৃতি রক্ষার্থে সেখানে “মুজিবনগর স্মৃতিসৌধ” স্থাপন করেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্রকে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তার মাধ্যমে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা গঠন, আইনের শাসন ও বৈষম্যহীন, ন্যায়বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা সবাই সচেষ্ট হবো- এটাই হোক, আজকের দিনে আমাদের অঙ্গীকার। নতুন বছরে আমি আশা করি, আমাদের প্রিয় বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং এ দেশে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বছরের এই শুভক্ষণে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করি।

পরিশেষে জিএম কাদের সবাইকে আবারও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার মন্তব্য

আলোচিত