সিলেটটুডে ডেস্ক

০২ মে, ২০২৬ ১৪:৫১

বার নির্বাচনে ‘গুরুতর অনিয়ম’: প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থা সিসিবিই’র চিঠি

বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বার নির্বাচনে ‘গুরুতর অনিয়মের’ অভিযোগ তুলে এসব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কাউন্সিল অব বারস অ্যান্ড ল সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে দেওয়া এক চিঠি এ আহ্বান জানায় ইউরোপের আইনজীবী সমিতিগুলোর এই শীর্ষ সংস্থা।

সিসিবিই সভাপতি রোমান জাভর্শেক এর স্বাক্ষরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো ওই চিঠিতে বাংলাদেশে আইনজীবীদের ‘ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হওয়ার’ অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

‘ইরেগুলারিটিজ ইন সেভারেল ডিস্ট্রিক্ট বার ইলেকশনস’ শিরোনামের এই চিঠি সিসিবিই তাদের ফেসবুক পেইজে প্রকাশ করেছে। ৪৬টি দেশের ১০ লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্ব করে এ সংস্থা।

ফ্রান্সভিত্তিক সংগঠন জাস্টিস মেকার্স বাংলাদেশ (জেএমবিএফ)-এর তথ্যের বরাত দিয়ে সিসিবিই চিঠিতে লিখেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের একাধিক জেলা বার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ‘বাধা’ দেওয়া হয়েছে। এছাড়া মনোনয়নপত্র জমাদানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

কিছু প্রার্থীকে ‘শারীরিকভাবে হয়রানি’ করা হয়েছে এবং ‘ফ্যাসিস্টদের সহযোগী’ আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে তুলে ধরা হয়েছে চিঠিতে।

সিসিবিই বলছে, পুলিশ হস্তক্ষেপ করে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ দিয়েছে এবং ‘পূর্ববর্তী সরকারের সহযোগী’ আখ্যা দিয়ে অনেককে নির্বাচনে অংশগ্রহণ থেকে ‘বঞ্চিত’ করা হয়েছে বলে অভিযোগ এসেছে।

বাংলাদেশ সরকারের কাছে তিনটি দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। দাবিগুলো হল–বার নির্বাচনে সকল আইনজীবীর সমান ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী অনিয়ম, বাধাদান ও সহিংসতার তদন্ত করা এবং সকল আইনজীবী যেন ভয়ভীতি ও হয়রানি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা।

আইনজীবীদের ভূমিকা বিষয়ে জাতিসংঘের মৌলিক নীতিমালার ১৬, ১৭, ১৮ ও ২৩ নম্বর অনুচ্ছেদের কথা চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, যেখানে আইনজীবীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত করার কথা বলা আছে।

পাশাপাশি আইন পেশার সুরক্ষা সংক্রান্ত নতুন ইউরোপীয় কনভেনশনে বাংলাদেশকে স্বাক্ষর ও অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে সিসিবিই।

আপনার মন্তব্য

আলোচিত