০২ মে, ২০২৬ ২৩:০২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিপাতে জমির পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে সহ্য করতে না পেরে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া ওই গ্রামের হরমুজ আলীর ছেলে।
মৃতের স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আহাদ মিয়া শ্রমিক নিয়ে হাওরে নিজের জমির পাকা ধান কাটতে যান। তবে জমিতে গিয়ে দেখতে পান তার ৬ বিঘা জমির পাকা ধান পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন এবং একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আহাদ মিয়ার ভাই ও ইউপি সদস্য আহামেদ আলী বলেন, "চোখের সামনে নিজের ৬ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে তা সহ্য করতে পারেনি কৃষক আহাদ। জমিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।"
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "টানা বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি।"
আপনার মন্তব্য