০৩ মে, ২০২৬ ১৮:১৫
হাম রোগে শিশুমৃত্যু এবং হারিয়ে যাওয়া এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দায়ী করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবিতে রাজনীতিতে মানববন্ধন হয়েছে।
রোববার (৩ মে) বিকালে রাজধানীর মিরপুর-২ গ্রামীণ ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাম (হিউম্যানিটেরিয়ান ইউনিটি উইথ মোরালিটি) নামের একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মা ও শিশুর স্বাস্থ্য যেকোনো সরকারের সবচেয়ে বড় প্রাধিকার, কিন্তু মুহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় গিয়ে ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। আমাদের শিশুদের বিকলাঙ্গ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী করতে তারা হামসহ বিভিন্ন রোগের টিকা প্রদানে সরকারের দীর্ঘদিনের অনুশীলনে আঘাত হানে। হামের টিকা ক্রয় বন্ধ করে দিয়েছিল তারা। ফলে আজ বাংলাদেশে শিশুরা মরছে এই রোগে।
তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাংলাদেশে আজ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ২৯৪ হলেও প্রকৃত সংখ্যা এরচেয়ে বেশি। হাম রোগীর সংখ্যা আজ পর্যন্ত ৪০ হাজার বলা হলেও এই সংখ্যা অনেক বেশি, কারণ সবাই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারে না। এছাড়া সরকারি হিসাব এবং বাস্তবের হিসাবের মধ্যে সবসময়ই বড় একটা পার্থক্য থাকে।
তারা বলেন, আমেরিকার সায়েন্স সাময়িকীর প্রতিবেদন বলেছে বাংলাদেশে টিকা প্রদান কীভাবে বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। ইউনিসেফ থেকে বাংলাদেশ সরকার হামের টিকা পেয়ে থাকে। কিন্তু মুহাম্মদ ইউনূসের সরকার ইউনিসেফ থেকে টিকা আমদানি বন্ধ করে দেয়। এনিয়ে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে ‘ঈশ্বরের দোহাই’ টিকা ক্রয় বন্ধ না করার অনুরোধ করেছিলেন। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। ইউনিসেফ ওই সময় বলেছিল টিকা ক্রয় বন্ধ করে দিলে বাংলাদেশে প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। তারা টিকা ক্রয় প্রক্রিয়া এনজিওর কাছে ছেড়ে দিতে মরিয়া ছিল, এবং শেষ পর্যন্ত টিকা না কিনে আমাদের শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
তারা বলেন, এই শিশুহত্যা কেবল ইউনূস সরকারের ভ্রান্ত নীতির কারণেই হচ্ছে না; এটা পরিকল্পিত। পরিকল্পিত এই শিশু হত্যার জন্য মুহাম্মদ ইউনূস ও নূরজাহানের বেগমকে শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধন থেকে হামে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ; টিকা সংকটের জন্য দায়ী ব্যক্তিদের তদন্ত করে খুঁজে বের করা; এবং তিন শতাধিক শিশু মৃত্যুর কারণ হামের টিকা আমদানি বন্ধ করা, এই বন্ধ করার হুকুমের আসামি ইউনূস ও নূরজাহানকে আইনের আওতায় আনার এ তিন দাবি জানানো হয়।
আপনার মন্তব্য