০৫ মে, ২০২৬ ১০:৩৫
‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী সাতক্ষীরায় আজ (৫ মে) থেকে আম পাড়া শুরু হবে।
গত ২৬ এপ্রিল সাতক্ষীরার জেলা প্রশাসন জেলার এ মৌসুমের ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ করে। ওই সভায় জানানো হয়, ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ১৫ মে থেকে হিমসাগর ও খিরসা, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি আম সংগ্রহের সময় এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমের পরিপক্কতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাইফুল ইসলাম আরও বলেন, মুনাফার আশায় রাসায়নিক মিশিয়ে বা অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় মেনে ধাপে ধাপে আম সংগ্রহ করলে অপরিপক্ব ফল বাজারে আসা বন্ধ হবে এবং গুণগত মান বজায় থাকবে। এ জন্য আগাম আম পাড়া রোধে প্রশাসন নজরদারি জোরদার করেছে।
তালা উপজেলায় প্রায় ৭১৫ হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে। ইতিমধ্যে বাগানগুলোতে আম পাড়ার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রমিক নিয়োগ, ঝুড়ি ও প্যাকেট প্রস্তুত এবং পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
আম পাড়া মৌসুমকে ঘিরে স্থানীয় শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই মৌসুমি কর্মকাণ্ডে উপজেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘সময়সূচি মেনে আম পাড়া হলে কৃষকেরা ন্যায্য দাম পাবেন এবং ভোক্তারাও পরিপক্ব ও নিরাপদ আম পাবেন।’
আপনার মন্তব্য