সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০২৬ ১১:৪৮

আপিলেও বহাল ব্যারিস্টার সুমনের জামিন

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (১১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে এই মামলা সংক্রান্ত রুলটি দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করলেও আদালত তা খারিজ করে আগের জামিন আদেশই বহাল রাখেন।

এর ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার মুক্তিতে কোনো আইনি বাধা থাকছে না।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের ঠিক আগমুহূর্তে নিজের ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’ এরপর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে ৫ দিনের রিমান্ডেও নেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে যুবদল নেতা ও স্থানীয় একটি রেস্তোরাঁ কর্মী হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যেখানে ব্যারিস্টার সুমনকেও আসামি করা হয়েছিল। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আজ চূড়ান্ত আদেশ এলো।

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে হবিগঞ্জ ও রাজধানী ঢাকার বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত