সিলেটটুডে ডেস্ক

১৫ মে, ২০২৬ ০৩:০২

দুইদিনে ৩৬ শতাংশ ভোট পড়েছে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে

প্রতীকী ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে দুই দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালে থেকে শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। আগের দিনও একই সময়ে ভোটগ্রহণ চলে। ভোট হয় সমিতির মিলনায়তনে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচন উপ-কমিটি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে আইনজীবীদের উপস্থিতি ছিল বিগত বছরগুলোর তুলনায় অনেক কম। ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন; ভোট পড়ার হার ৩৬ দশমিক ৪৮ শতাংশ।

চব্বিশের জুলাই আন্দোলনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সুপ্রিম কোর্ট বার নির্বাচন হয়নি। প্রায় দুই বছরের বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে ১৪টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যানেলগুলো হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী নীল প্যানেল, জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের অংশ নিতে দেওয়া হয়নি। এনিয়ে প্রতিবাদ করেছে স্বতন্ত্র প্রার্থিতায় ইচ্ছুক আইনজীবীরা। তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এবারের নির্বাচনে ভোটদানের হারে বড় ধরনের পতন দেখা গেছে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা চার বছর মোট ভোটার ছিল ৭ হাজার ৭০০ থেকে ৮ হাজার ৬০০-এর মধ্যে। এসব নির্বাচনে গড়ে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজারের কাছাকাছি ভোট পড়েছে। এর মধ্যে ২০২০-২০২১ মেয়াদে ৭ হাজার ৭৮১ জন ভোটারের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৯৪০টি ভোট পড়ে।

২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে ভোট পড়ার হার কমে যায়। সেবার ৮ হাজার ৬০২ জন ভোটারের বিপরীতে ভোট পড়ে ৪ হাজার ১৩৭টি। তবে ২০২৪-২০২৫ মেয়াদে তা কিছুটা বাড়ে; ৭ হাজার ৮৮৩ জনের মধ্যে ভোট দেন ৫ হাজার ৩১৯ জন।

সবশেষ ২০২৬-২০২৭ মেয়াদে ভোটার সংখ্যা বেড়ে ১১ হাজার ৯৭ হলেও ভোট পড়েছে মাত্র ৪ হাজার ৪৮টি। এর মধ্যে প্রথম দিন ১ হাজার ৭৭১ জন এবং দ্বিতীয় দিন ২ হাজার ২৭৭ জন ভোট দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত