২২ মে, ২০২৬ ১৫:৪২
বাংলাদেশে পেশাগত কারণে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় মামলাকে অস্পষ্ট অভিযোগ বলে উল্লেখ করে তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানায়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, ‘বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত সাংবাদিকদের পেশাগত কাজের কারণে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করা। আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা অনুযায়ী, গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার রক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে।’
একাত্তর টেলিভিশনের কারাবন্দি সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বানও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন সংক্রান্ত একটি ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদনের জেরে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে স্মৃতি সিং বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সেই সব তথ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, যা কারও কাছে আপত্তিকর, হতাশাজনক বা অস্বস্তিকর মনে হতে পারে। একটি অধিকার-সচেতন সমাজে সুস্থ জনমত নিশ্চিত করতে এই অধিকারের প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। রাজনৈতিক সংশ্লিষ্টতা বা ভিন্নমতের কারণে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা উচিত নয়।’
এতে আরও বলা হয়, ফারজানা রুপা ও মোজাম্মেল হক ইতিমধ্যে কারাবন্দি রয়েছেন। এখন এক দশক আগের একটি সংবাদকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে নতুন করে অস্পষ্ট অভিযোগ আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার করা সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী। এটি একটি বিপজ্জনক নজির তৈরি করছে, যা সাংবাদিকদের ভয়ভীতিহীনভাবে কাজ করার পরিবেশকে বাধাগ্রস্ত করবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, তারা সব সময়ই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দুই সাংবাদিককে আটক করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আপনার মন্তব্য