সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০২৬ ০১:১২

মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণের শিকার ৭৮

প্রতীকী ছবি

চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ৭৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছে, যা পূর্ববর্তী মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

রোববার (৩১ মে) প্রকাশিত সংস্থাটির জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, মে মাসে ধর্ষণের ঘটনা ৭৮টি, যা এপ্রিলের (৫৪টি) তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। শুধু ধর্ষণই নয়, বেড়েছে দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনাও।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২ থেকে বেড়ে ৬-এ দাঁড়িয়েছে। এছাড়া যৌন হয়রানির শিকার হয়েছেন ১৮ জন নারী ও শিশু।

এমএসএফ’র মতে, যৌন সহিংসতার এই ঊর্ধ্বগতি দেশের সামাজিক নিরাপত্তা ও বিচারহীনতার সংস্কৃতিকে স্পষ্ট করে তোলে। আইনের কার্যকর প্রয়োগ না থাকায় নারীদের অবস্থান ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে সংস্থাটি মনে করে।

প্রতিবেদনে সহিংসতার নতুন মাত্রা হিসেবে অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধের প্রসারের কথা উল্লেখ করা হয়েছে। মে মাসে অনলাইন জুয়ার জেরে একজনের মৃত্যু এবং পাঁচজনের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। এছাড়া মাদক সংক্রান্ত সহিংসতায় ৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। প্রতিবেদনে মাদক ব্যবসায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগও স্থান পেয়েছে।

সংস্থাটির নির্বাহী সারসংক্ষেপে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের প্রকৃতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। ডিজিটাল অপরাধ ও সামাজিক অবক্ষয়ের কারণে যৌন সহিংসতার ঘটনাগুলো চরম আকার ধারণ করছে।

আপনার মন্তব্য

আলোচিত