০২ জুন, ২০২৬ ১৩:১৪
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক-মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানায়, যারা প্রবাসে আছে— শুধু রেমিট্যান্স যোদ্ধা না এমনকি যারা ইউরোপে যারা আছে, ল্যাটিন আমেরিকায় আছে তারাও এখানে আবেদন করতে পারবেন।
মন্ত্রী বলেন, ওই সিস্টেম থাকছে, কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। একটা সেল থাকবে, সেলে আবেদন করবে যাচাই হবে, যাচাই করে যদি এটা যদি পাওয়ার যোগ্য হয়— সেই প্রবাসী কার্ড পাবে।
মন্ত্রী আরও বলেন, আমরা যে ফ্যাসিলিটি দেবো সেটা এখনও চূড়ান্ত করিনি। এখানে কারেন্সি সুবিধা, সহজে রেমিট্যান্স আনার ক্ষেত্রে কী ধরনের বেনিফিট হতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কীভাবে হবে— ডিজিটাল পরিচয়পত্র, এটার সঙ্গে ট্র্যাকিং থাকবে।
তিনি বলেন, প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা নিয়ে আমরা কাজ করছি। তার জন্য আমরা এখনও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। কোনও প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যাসিলিটি দেওয়া হয় এবং হাসপাতালে গেলে অন্তত তার আলাদা একটা প্রায়োরিটি থাকে— এসব জায়গায় আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি।
উল্লেখ্য, বিএমইটি কার্ড বা ম্যানপাওয়ার কার্ড হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিদেশ গমনেচ্ছু কর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন কার্ড।
আপনার মন্তব্য