০৩ জুন, ২০২৬ ১১:২০
গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার বা সিএসটিও হিসেবে নিয়োগ পেয়েছেন নরওয়ের আন্দ্রেয়াস হগবার্গ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, সোমবার থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।
এর আগে আন্দ্রেয়াস হগবার্গ ২০২৫ সাল পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ছিলেন।
গ্রামীণফোন কর্তৃপক্ষ বলছে, “আন্দ্রেয়াস কোম্পানির কৌশলগত রূপান্তরে নেতৃত্ব দেবেন এবং পাঁচ বছরের কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধানে থাকবেন।
“তিনি মূলত উদ্ভাবন পরিচালনা, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি ও ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর পরিচালনায় নজর দেবেন। পাশাপাশি ডিজিটালভাবে আরো সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস বিভাগে নরডিকস, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে টেলিনরে আন্দ্রেয়াসের ২১ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বোর্ড সদস্য হিসেবেও কাজ করেন তিনি।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “পরিবর্তনশীল নিয়ন্ত্রক পরিবেশ থেকে শুরু করে ডেটা, ডিজিটাল, আইওটি, বিটুবি এবং নিরাপত্তা সেবার সম্ভাব্য প্রবৃদ্ধি- সব মিলিয়ে বাংলাদেশের টেলিকম বাজার একইসঙ্গে জটিল ও সম্ভাবনার ক্ষেত্র। টেলিকম ইন্ডাস্ট্রিতে যখন পরিবর্তনগুলো ঘটছে, তখন আমাদের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে আরও উন্নত করার এক সন্ধিক্ষণে রয়েছি আমরা।
“এআইয়ের যুগে রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজন। আমার আস্থা আছে যে, আন্দ্রেয়াসের দূরদর্শী কৌশলগত নেতৃত্ব আমাদের এই রূপান্তরটিকে ইন্ডাস্ট্রির অন্যান্যদের চেয়ে বেশ আগেই পরিচালনা করতে এবং একটি তীব্র প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নেতৃত্বকে আরও সংহত করতে সহায়তা করবে।”
আন্দ্রেয়াস হগবার্গ বলেন, “গ্রামীণফোন টিমে যোগ দিতে পেরে এবং আগামী দিনের এই রোমাঞ্চকর পথচলার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার মূল লক্ষ্য থাকবে বাস্তবায়নের সাথে কৌশলগত সমন্বয় ঘটানো; গ্রাহকদের প্রতি আরও গভীর মনোযোগ দেওয়া এবং এমন সমাধান তৈরি করা যা প্রকৃত অর্থেই তাদের ডিজিটাল জীবনকে সমৃদ্ধ করবে। পাশাপাশি আমাদের শেয়ারহোল্ডারদের জন্য ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রাপ্তি নিশ্চিত করা।”
নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করা আন্দ্রেয়াস পাশাপাশি ইএমডি, ইনসিয়াড (আইএনএসইএডি) এবং স্টকহোম স্কুল অব ইকোনমিক্স থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেন।
আপনার মন্তব্য