১৮ জুন, ২০২৬ ২২:৪১
বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে হাওরাঞ্চলের সাত জেলার ২ লাখ ৭১ হাজার ৭০০ কৃষকের জন্য ২০ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে।
লিখিত জবাবে কৃষিমন্ত্রী বলেন, 'অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।'
তিনি বলেন, 'এর মধ্যে উফশী আমন ধান উৎপাদন কর্মসূচির আওতায় ১ লাখ ৩১ হাজার কৃষক, মরিচ উৎপাদন কর্মসূচির আওতায় ৩ হাজার ৫০০ কৃষক এবং ফলদ, বীজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১ লাখ ৩৭ হাজার ২০০ কৃষক সহায়তা পাচ্ছেন।'
মন্ত্রী আরও বলেন, 'ভবিষ্যতে রবি ও খরিপ মৌসুমে অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রমের আওতায় আনা হবে।'
আপনার মন্তব্য