সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০২৬ ০০:৩৪

সাবেক এমপি ও নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সহসভাপতি ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (৬৬) মারা গেছেন।

রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিমা আহমাদ বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি।

১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন সেলিমা আহমাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি হোমনা-তিতাসের অবকাঠামো, শিক্ষা ও নারী আত্মকর্মসংস্থানে কাজ করেন।

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের পরিচিত মুখ ছিলেন সেলিমা আহমাদ। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

ব্যবসায়ী হিসেবে তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাজনীতিতেও সক্রিয় ছিলেন সেলিমা আহমদ।

নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা খাতে অবদান রাখায় ২০১৪ সালে তিনি ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পান।

সেলিমা আহমাদ ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত হিসেবে কাজ করেছেন। শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে।

তার স্বামী আবদুল মাতলুব আহমাদ। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান।

আপনার মন্তব্য

আলোচিত