সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০২৬ ১৫:০০

এনআইডি ও পাসপোর্টসহ বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে ডাক

একাধিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বক্তব্য জানতে তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মাহবুবুর রহমানের সই করা চিঠিতে তাকে আগামী ২৯ জুন ঢাকার সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের তলবি চিঠিতে বলা হয়, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। আগামী ২৯ জুন বিকেল ৩টায় তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

আইন-২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর বিধি ৮ অনুযায়ী ও ফৌজদারি কার্যবিধির ধারা ১৪ ও ১৬০ মোতাবেক তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

২০০৪ এর ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর ওই বছরের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর গত ১৮ ফেব্রুয়ারি বাসসে গিয়ে কর্মীদের ‘বিক্ষোভের’ মুখে পড়েন মাহবুব মোর্শেদ। গত ১ এপ্রিল এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৪ এপ্রিল প্রথম আলোর খবরে বলা হয়, বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে থাকার সময় মাহবুব মোর্শেদ নিজের একটি গাড়ি আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এ সংবাদমাধ্যমেই ভাড়া দেন বলে অভিযোগ ওঠেছে। ‘রেন্ট-এ-কার’ নামের গাড়ি ভাড়া দেওয়া ওই কোম্পানি গাড়ি ভাড়ার জন্য মাসে দেড় লাখ টাকা করে পেয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত