০৯ জুলাই, ২০২৬ ১৯:০২
আর্জেন্টিনা-মিশরের মধ্যকার একটি ফুটবল ম্যাচে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ তুলে নোয়াখালীতে এক তরুণ থানায় লিখিত অভিযোগ দিতে থানায় যান। তবে পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের নেওয়ারও সুযোগ নেই। বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি অভিযোগ নিয়ে ফিরে যান।’
বুধবার রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম থানায় অভিযোগ নিয়ে যান।
লিখিত অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করেন।
অভিযোগে রাকিব বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে অন্য ফুটবলপ্রেমীদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি দেখছিলেন।
তার দাবি, ম্যাচে রেফারি আর্জেন্টিনা দলকে অন্যায্য সুবিধা দিয়েছেন, যার ফলে তার সমর্থিত দল মিশর হেরে যায়।
রাকিবের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনাকে অন্যায্য পেনাল্টি দেওয়া হয়েছে এবং মিসরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। এতে তিনি ও মিশরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ম্যাচ জালিয়াতির করে কোটি কোটি ফুটবল সমর্থকের আবেগ নিয়ে খেলা হয়েছে দাবি করে তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানান।
রাকিব বলেন,“আর্জেন্টিনা ও মিসরের ম্যাচটি দেখার পর থেকে আমি এবং আমার অভিযোগের সাক্ষীরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি। তাই আমি একই অভিযোগ নিয়ে আদালতে যাব। প্রয়োজনে মানববন্ধনসহ অন্য কর্মসূচিও পালন করব।”
আপনার মন্তব্য