সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০২৬ ০৩:১৬

এমপি হান্নান মাসউদের আরেক ফেরি-কাণ্ড: এবার মাঝনদী থেকে ফিরে এলো ফেরি

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে এনে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদকে পারাপার করার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান ঘাটের নলচিরা রুটে ‘ফেরি মহানন্দা’য় এ ঘটনা ঘটে। এতে বৈরী আবহাওয়ার মধ্যে মাঝনদীতে চরম ভোগান্তি ও আতঙ্কে পড়েন ফেরিতে থাকা সাধারণ যাত্রীরা। খবর আগামীর সময়-এর। 

স্থানীয় বাসিন্দা ও ঘাট সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এ সময় ঢাকা থেকে ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকাল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। তিনি আরও উল্লেখ করেন, এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

অন্যদিকে ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীনের ভাষ্য, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার তাকে জানান ঘাটে এমপি এসেছেন এবং ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। তাই তিনি ঘাটে ফিরে যান।

এই বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বক্তব্য পাওয়া যায়নি।

এমপি হান্নান মাসউদের ফেরি-কাণ্ড এটিই প্রথম নয়:
এর আগে গত ৩১ মে রাতেও হাতিয়ার নলচিরা ঘাটে একই সংসদ সদস্যের জন্য নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ার অভিযোগ উঠেছিল। সে সময় অভিযোগ ওঠে, এমপি আব্দুল হান্নান মাসউদ আসবেন বলে যাত্রীদের বুকিং নেওয়া গাড়ি ফেরিতে উঠতে না দিয়ে দীর্ঘ সময় সাধারণ মানুষ, নারী ও শিশুদের ভ্যাপসা গরমে আটকে রাখা হয়। যার ফলে অনেকেই জেলা শহরে গিয়ে ঢাকাগামী রাতের বাস ধরতে পারেননি। অবশ্য সে সময় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ দাবি করেছিলেন, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট তাকে রাজনৈতিকভাবে হেয় করতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত