১৯ জুলাই, ২০২৬ ০০:৫৩
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াত-দলীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এমপি আরমান সাহায্যের অনুরোধ জানিয়ে ফেসবুকে লিখেছেন, “মোবাইল প্রতারণার শিকার হয়েছি। ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জুলাই নিয়ে একটি আয়োজনে আমি মোবাইলে লাইভ সম্প্রচার করছিলাম। এমন সময় ওই আয়োজনের আইডি কার্ড পরা এক যুবক এসে বলে, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’ আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি তার হাতে দিয়ে আমি বর্ণনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি সে ফোনসহ উধাও।”
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, ‘জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি হয়েছে। আরমান ভাই গলায় কার্ড ঝুলানো এক ব্যক্তিকে লাইভ করার দায়িত্ব দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, ছেলেটি আয়োজকদেরই একজন। কিন্তু পরে জানা যায়, তিনি আয়োজকদের কেউ নন। ধারণা করা হচ্ছে, তিনি ডেকোরেশনের কাজে যুক্ত ছিলেন।’
মুশফিক তাজওয়ার মাহির জানান, ঘটনার পরপরই ব্যারিস্টার আরমানকে সঙ্গে নিয়ে তিনি শাহবাগ থানায় যান এবং সেখানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার এএসআই জুয়েল মজুমদার বলেন, ‘ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম মোবাইল ফোন চুরির ঘটনায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
আপনার মন্তব্য