২৬ জুলাই, ২০২৬ ১৪:৫৬
পদত্যাগ অথবা মেয়াদ পূর্তি শেষে এক মাস অবস্থানের আইনি সুযোগ থাকলেও, পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গেলেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (২৬ জুলাই) বেলা ২টা ২৫ মিনিটে জাতীয় পতাকাবিহীন গাড়িতে করে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে যাত্রা করেন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মো. সাহাবুদ্দিন।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি মাত্র ৩ বছর তিন মাস দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হলেও, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তিনটি ভিন্ন মেরুর সরকারের শপথ হয়েছে তার সংক্ষিপ্ত দায়িত্ব পালনকালে।
চব্বিশের আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে, তিনি দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। তাকে ফ্যাসিস্টের দোসর-সহ নানা অভিধা দিয়ে তার পদত্যাগের দাবি উঠলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ছিলেন অনঢ় অবস্থানে।
রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার এই সরকারি বাসভবনে অবস্থানও।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন।
পরবর্তীকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আপনার মন্তব্য