সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০২৬ ১৭:৫৮

এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই: দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি বলেছেন, এমন কোন সমস্যা নেই যার সমাধান নেই।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর দীনেশ ত্রিবেদীর এটাই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো।

বৈঠকে দুই দেশের সংস্কৃতি ও খেলার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলেও জানান দিনেশ ত্রিবেদী।

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না এমন প্রশ্নে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এটা সম্পূর্ণ তার বিষয়। তবে তারা অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছেন।

খুবই উষ্ণ পরিবেশে বৈঠক হয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে এমনকি খেলাধুলা, ক্রিকেট নিয়েও কথা হয়েছে।

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবার চালু হওয়ার কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য এটা খুবই সুবিধাজনক। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের শুধু সীমান্ত নয়, অভিন্ন সংস্কৃতি ও স্বপ্নও রয়েছে। তাই বৈঠকটা খুবই ভালো হয়েছে। উভয়পক্ষের জনগণের জন্য লাভজনক হয় এমন সম্পর্কের ভিত্তি গড়ে তোলার অপেক্ষায় রয়েছি আমি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত