ওসমানীনগর প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৬ ১৯:৫০

সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩

সিলেটের ওসমানীনগরে জণাকৃর্ণ বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্র সহ ৩জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার বুরুঙ্গাবাজার ইউপির নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী(২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব(৩০)।

এ ঘটনায় উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের রাজমত আলীর ছেলে অটোরিকশা চালক রিপন আলী বাদি হয়ে ছিনত্ইায়ের অভিযোগ এনে ওসমানীনগর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ডে শিপন, রোমান, মাসুদ রানা গংরা সিএনজি অটোরিকশা চালক রিপন আলীর উপর ধারালো চাপাতি,বটি(দা) ও ডেগার দিয়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশা চলক ও উপস্থিত জনতা তাদেরকে অস্ত্র সহ আটক করে রাখেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এলে আটককৃতদরে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে অস্ত্র সহ আটককৃতদরে পুলিশ ওসমানীনগর থানায় নিয়ে যায়।

মামলার বাদি সিএনজি অটোরিকশা চালক রিপন আলী বলেন, রোববার সন্ধ্যায় শিপন, রোমান, মাসুদ রানা গংরা ধারালো অস্ত্রের মাধ্যমে আমাকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমার হাক চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা আমাকে রক্ষা করে অস্ত্রসহ ছিনতাইকারীদের আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত