সিলেটটুডে ডেস্ক

০৪ আগস্ট, ২০২৬ ১৬:৪৩

শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার করলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

কেউ যেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করে সে ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করবে বাংলাদেশ সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তার কাছে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, "শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি।"

তিনি বলেন, "আবার তিনি বক্তব্য দেবেন- এরকম নিউজ যদি কেউ দিয়ে থাকে, কালকে করবে- এটা যদি কেউ আগাম জানায়, পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেবো,"।

এর আগেও যারা শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, বাংলাদেশ সরকার তাদের সতর্ক করেছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা আবার স্মরণ করিয়ে দেবো যে এই কাজ কেউ যেন না করেন। কারণ এটা আদালতের নির্দেশ আছে। সরকার কিন্তু আদালত নয়।"

"কেউ যদি সংক্ষুব্ধ হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন- তিনি কিন্তু আদালতে যেতে পারেন। সরকারের কাজ হচ্ছে আদালতের যে সিদ্ধান্ত সেটা এক্সিকিউট হচ্ছে কিনা। সে ব্যাপারে সে ব্যবস্থা নেবে।"

যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মঙ্গলারই বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই।

আপনার মন্তব্য

আলোচিত