সিলেটটুডে ডেস্ক

০৫ আগস্ট, ২০২৬ ১৯:৩৪

৪০০ কোটি টাকা আত্মসাৎ: জামায়াতের সাবেক আমির কারাগারে

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তারের পর বহিষ্কৃত এই জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।

এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় মাদারগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি। ওই সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন।

এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন- 'গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।'

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ কেলেঙ্কারির ঘটনায় ২০২৫ সালে আবদুল ওয়াহেদকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

আপনার মন্তব্য

আলোচিত