১১ আগস্ট, ২০২৬ ০১:১৫
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।
উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
পুলিশ বলছে, পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম রোববার রাতে অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। সেখানে বলা হয়েছে, ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের।
এজাহারে অভিযোগ করা হয়েছে, রোববার সকালে পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কভার্ডভ্যানের চালক খোরশেদসহ টাকাভর্তি একটি ব্যগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন কভার্ডভ্যানের গতিরোধ করে।
ঘটনার বর্ণনায় বলা হয়, গাড়ি আটকানোর পর পিস্তলের মুখে ও আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যান। পরে সেলিমুজ্জামান, খোরশেদসহ আশেপাশের লোকজনের সহায়তায় আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাম্পের ম্যানেজার আব্দুল করিম বলেন, “ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হত। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।”
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক বেগ বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে, পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। আশা করছি শিগগিরই জড়িতদের শনাক্ত করতে সক্ষম হব।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের খালা খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
আপনার মন্তব্য