সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০২৬ ১৩:৩৩

নতুন রাষ্ট্রপতির কপালে জামায়াতের এমপির চুমু

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হয়। এতে বিএনপির এই প্রার্থী ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। ফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মির্জা ফখরুলকে বুকে টেনে নেন। এর পরপরই বিরোধী জোটের সংসদ সদস্যরা ছুটে এসে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তার সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

এসময় রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান মির্জা ফখরুলের সঙ্গে হাত মেলান, তার কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান ও তার জন্য দোয়া করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।

আপনার মন্তব্য

আলোচিত