সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ ২৩:২৭

ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রিয়ার এডমিরাল পদে ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২২ জুলাই।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। পরে মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ প্রশিক্ষণ সম্পন্ন করে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিনের কমান্ডার এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক ও ‘নৌ পারদর্শিতা পদক’ পেয়েছেন খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও জাতীয় স্কাউট পুরস্কার অর্জন করেছেন। নৌবাহিনী প্রধানের প্রশংসাপত্রও তিনবার পেয়েছেন তিনি।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি লেখক ও গবেষক হিসেবেও সক্রিয়। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা, সামরিক বিষয়াবলি ও নৌকৌশল নিয়ে তার বিভিন্ন নিবন্ধ দেশি-বিদেশি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি মালয় ও ফরাসি ভাষায়ও তার দক্ষতা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে নৌবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে অবদান রেখেছেন খোন্দকার মিসবাহ উল আজীম।

আপনার মন্তব্য

আলোচিত