সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০২৬ ১৫:৩৩

সেই স্বর্ণ ব্যবসায়ী সপরিবার আটক, ছিলেন আত্মগোপনে

নিখোঁজ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবার আটক করেছে পুলিশ। তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের। তবে কী কারণে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক গাজী কালাম জানান, গত দুই দিনের চেষ্টার পর এই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। চাঁদপুরে কাউকে কিছু না বলে গ্রামের বাড়িতে কেন, জবাব দিচ্ছেন না পিন্টু দাস।

এর আগে হঠাৎ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর থেকে আত্মগোপনে চলে যান পিন্টু দাস। বিষয়টি জানাজানি হলে ব্যাপক হইচই শুরু হয়। পরে পিন্টুর নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনায় বাড়ির মালিক সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার কাছে অনেকে স্বর্ণ বন্ধক রেখে নগদ টাকা নিতেন। সাধারণ মানুষের সেই স্বর্ণ নিয়ে আত্মগোপনে চলে যান তিনি। তবে আত্মগোপনের কারণ বা অভিযোগের বিষয়ে এখনও কোনও বক্তব্য দেননি পিন্টু দাস।

আপনার মন্তব্য

আলোচিত