সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০২৬ ০২:৩৮

ট্রাম্পের সঙ্গে আরেকটি ‘অসাধারণ’ চুক্তি, বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি বাংলাদেশের: গোর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাঙ্গাভাব আনা এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের উদাহরণ দিতে গিয়ে তিনি বাংলাদেশের কাছে মার্কিন বোয়িং উড়োজাহাজ বিক্রির চুক্তি সম্প্রসারণের বিষয়টিও সামনে এনেছেন।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ট্রাম্প সরকারের প্রশংসা করে এসব কথা লেখেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক।

বার্তাটিতে সার্জিও গোর লেখেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তিনি উচ্চ পারিশ্রমিকের লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং আমাদের অর্থনীতিকে চাঙা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক সাফল্যের সাথে বাংলাদেশের নাম যুক্ত করে গোর আরও লেখেন, “চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি অসাধারণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের প্রাথমিক ক্রয়াদেশের চেয়ে অনেক বেশি। আমাদের প্রেসিডেন্ট আবারও যুক্তরাষ্ট্রকে এবং আমাদের অংশীদারদেরও মহান করে তুলছেন!”

উল্লেখ্য, গত ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছিলেন সার্জিও গোর। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তৎকালীন বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হলেও উড়োজাহাজ কেনাবেচার ব্যাপারে নতুন কোনো ঘোষণার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তবে এর আগে গত এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির আর্থিক মূল্য ছিল প্রায় ৩.৭ বিলিয়ন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার কোটি টাকারও বেশি)। সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বাংলাদেশ তাদের পূর্বের সেই ক্রয়াদেশ আরও বাড়াতে সম্মত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত