০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৩
প্রতীকী ছবি
চলতি বছরের আগস্টে মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ৷ এ সময়ে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ২৫২ জন নারী ও কন্যাশিশু৷
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য সংকলন করা হয়েছে৷ অর্থাৎ প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশুকে নির্যাতন করা হয়৷
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য সংকলন করা হয়েছে৷
প্রতিবেদনে বলা হয়, আগস্টে ১১৮ কন্যাশিশু এবং ১৩৪ জন নারীকে নির্যাতন করা হয়৷ এর মধ্যে ১০ কন্যাশিশু ও ৪৫ জন নারীসহ মোট ৫৫ জনকে হত্যা করা হয়েছে৷
আগস্ট মাসে ৩৬ কন্যাশিশু ও ১৮ জন নারীকে ধর্ষণ করা হয়েছে৷ আট কন্যাশিশুসহ ১৩ জনকে দলবদ্ধ ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে৷ এ ছাড়া, ১১ কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মাসে ২৪ কন্যাশিশুসহ ৩০ জনের ওপর যৌন সহিংসতা হয়েছে৷ এর মধ্যে ১২ কন্যাশিশুসহ ১৪ জনকে যৌন নিপীড়ন এবং আট কন্যাশিশুসহ নয় জনকে উত্ত্যক্ত করা হয়েছে৷ এ ছাড়া, ৪ কন্যাশিশুসহ সাত জনের ওপর সাইবার সহিংসতা হয়েছে৷
এ ছাড়া, নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ৷
আপনার মন্তব্য