১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৩
ছবি: প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক শুভেচ্ছা বার্তায় মোদির সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে ভারতের জনগণের জন্য তার সেবা অব্যাহত থাকার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনের অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা সবসময় সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকুক।’
পোস্টে ভারতের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়।
তারেক রহমানের এই শুভেচ্ছাবার্তার কিছুক্ষণ পরই এক্স-এ জবাব দেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে গুজরাটের ভাদনগরে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি এ বছর ৭৬ বছরে পা দিয়েছেন। ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ ও ২০২৪ সালে তিনি আরও দুইবার সরকার গঠন করেন।
আপনার মন্তব্য