২১ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫২
প্রতীকী ছবি
ডেঙ্গু এবং হাম উপসর্গ নিয়ে সরকারি হিসাবে দেশে গত একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যুর পাশাপাশি হামের উপসর্গ নিয়েও আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে, আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের দেহে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এছাড়া সংক্রামক এই ব্যাধির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩০ জন, চট্টগ্রামে ২৭০ জন এবং সিলেটে ১৫৮ জন ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন করে ঢাকা ও সিলেট বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, ল্যাব পরীক্ষায় সবার পরীক্ষা না হওয়ায় শনাক্ত রোগীর চেয়ে উপসর্গযুক্ত রোগীর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। গত ১৫ মার্চ থেকে সরকারি হিসাব শুরুর পর এ পর্যন্ত প্রায় ছয় মাসে হাম আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনসহ মোট ১ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৩২ জন এবং সিলেট বিভাগে ১৬৯ জন মারা গেছেন।
চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন, যার মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে।
আপনার মন্তব্য