২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৩
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন সামগ্রী তৈরির দায়ে সাজাপ্রাপ্ত এনসিপি নেতা মো. বায়েজিদ হোসেন শাহেদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে তার দল।
বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয় বলে জানান ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাঈদ খান।
বায়েজিদ হোসেন শাহেদ (৪০) ফরিদপুর জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় থাকেন।
চিঠিতে বলা হয়েছে, শাহেদ দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী কাজে জড়িত ছিলেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সাঈদ খান বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। দলের সিদ্ধান্ত অনুযায়ী শাহেদকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ইউনানি ওষুধ রাখার দায়ে শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এ সাজা দেন।
অভিযানে শাহেদের কারখানা থেকে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। সেখানে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়া এসব পণ্য তৈরি করা হচ্ছিল।
সাজার পর শাহেদকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আপনার মন্তব্য