২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩১
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়া ছড়ানো ‘বিভ্রান্তিকর তথ্যে’ কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ বিষয়ক এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে জানানো হয়, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে, তবে তা পরে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। এজন্য সবাইকে অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় শিক্ষামন্ত্রী ড. মিলন শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হয়ে কাজ করার তাগিদ দেন।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য