নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৮

হাম উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

হাম উপসর্গে ৪ শিশু ও ডেঙ্গুতে মৃত্যু হয় ৬ জনের

প্রতীকী ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে হাম উপসর্গে ৪ শিশু এবং ডেঙ্গুতে মারা গেছেন ৬ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১০৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার সাতজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫২০ জনে।

এদিকে, অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। এ নিয়ে এ বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২০, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১০, খুলনা বিভাগে ২৪৮, ময়মনসিংহ বিভাগে ১‌১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।

চলতি বছরে এ যাবৎ মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।

আপনার মন্তব্য

আলোচিত