সিলেটটুডে ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৬ ১৭:১২

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক আর নেই।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নিম চন্দ্র ভৌমিক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া তিনি মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক এই অধ্যাপক জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতও ছিলেন।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস কুমার বিশ্বাস সাধন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিম চন্দ্র ভৌমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন। একইসঙ্গে তার পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী, গুণগ্রাহী ও অনুসারীদের প্রতি সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত