০৪ অক্টোবর, ২০২৬ ২০:৪০
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিশ্বদীপ দাশ। তার বাড়ি সিলেট নগরে। বিশ্বদীপ দীর্ঘদিন ধরে বিডিনিউজে কর্মরত আছেন।
প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর দুদিন পর রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে ইন্টারনেট সংবাদসেবার পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদী গত শুক্রবার লন্ডনে আকস্মিক অসুস্থ হয়ে মারা যান। ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইন্টারনেট সংবাদপত্র হিসেবে যাত্রা শুরুর সময় থেকে এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আমরা সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অন্তর্বর্তী এ সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।’
বিশ্বদীপ দাশ ২০২৩ সালেও কিছু সময়ের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পরে জ্যেষ্ঠ সম্পাদক হন তিনি।
সিলেটের সন্তান বিশ্বদীপ দাশ ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইনশাস্ত্রে পড়াশোনা করার পর সাংবাদিকতায় আসেন।
দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস দিয়ে কর্মজীবন শুরুর পর তিনি ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করেছিলেন।
বিশ্বদীপ দাশ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
আপনার মন্তব্য