০৫ অক্টোবর, ২০২৬ ০১:২১
শাবিপ্রবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সিলেটের আঞ্চলিক ও সামাজিক বিষয় নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. ইউসুফ ওমর সালেকিন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে সভাপতি এবং মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলীকে সদস্য-সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফিজিক্যাল সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর মো. আহমদ কবির চৌধুরী, লাইফ সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক মিয়া, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মন্তাবুর রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান এবং ব্যবসায়ী প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হামিদ।
অফিস আদেশে তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, শাবি শিক্ষার্থী মো. ইউসুফ ওমর সালেকিন ফেসবুকে এক পোস্টে সিলেটের বাসিন্দাদের ‘অহংকারী’ হিসেবে আখ্যা দেন এবং তারা নিজেদের বাঙালি না ভেবে ‘সিলেটি’ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে মন্তব্য করেন। এছাড়া সিলেটের শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও স্থানীয় বাসিন্দারা ধর্মান্ধ বলেও মন্তব্য করেন তিনি।
পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনা-সমালোচনা দেখা দেয়।
আপনার মন্তব্য