০৫ অক্টোবর, ২০২৬ ১৯:৫৩
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে তিনজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন বরিশালের এবং চট্টগ্রাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও সিলেটের একজন করে রয়েছে।
চলতি বছর মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছে। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ২৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯০২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ২০৬ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ২২৩ জন ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০১ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে ৩০৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭২, রাজশাহীতে ১০৫, বরিশালে ২১৬, ময়মনসিংহে ৯৮, রংপুরে ৬৬ ও সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮ হাজার ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮২ হাজার ৩৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৫৪ জন।
আপনার মন্তব্য