২০ অক্টোবর, ২০২৪ ১৬:১৭
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। বিদায়ী টেস্ট খেলতে ঢাকা আসতে চেয়েছিলেন গত বৃহস্পতিবার, কিন্তু শেষ মুহূর্তে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শে দেশে ফিরতে পারেননি তিনি। এনিয়ে আলোচনায় সময়ে সাকিবকে দলে চেয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
সাকিব আল হাসানকে ফিরিয়ে এনে বিদায়ী টেস্ট খেলতে দেওয়ার এক দফা দাবিতে রোববার (২০ অক্টোবর) দুপুরে সাকিবিয়ান নামে পরিচিত এই অলরাউন্ডারের ভক্তদের একটি দল মিরপুর স্টেডিয়ামের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করছিল।
তারা স্লোগান দিতে থাকেন, 'তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান', কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর।' তাদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাকে তাই দেশের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক।
সাকিব ভক্তরা অবস্থান নিয়ে স্টেডিয়ামের রাস্তায় বসে তাদের দাবি জানাতে থাকেন। এই সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি চলার বেলা ৩টার দিকে এক পর্যায়ে বাঁশ ও লাঠি নিয়ে কয়েকজন লোক এসে তাদের ওপর হামলা চালায়। হামলার পর সাকিব ভক্তরা স্টেডিয়ামের দুই নম্বর মোড়ের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে বিপরীত দিক দিয়ে ধাওয়া দেন। তারা সাকিব ভক্তদের লাঠিপেটাও করেন। এতে করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে দেখা যায়।
সাকিবের ভক্ত মাহফুজা গণমাধ্যমকে বলেন, 'আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি জানাচ্ছিলাম। অথচ আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে হুট করে কয়েকজন এসে আমাদের উপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরকেও ধাওয়া দিয়েছেন।'
হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়ে সাকিবিয়ানরা। তারা দৌড়ে চলে যায়। পরে হামলা সামলে সাকিবিয়ানরা পরে আবার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নিজেদের দাবির কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে। এ সময় আবার তাদের ওপর চড়াও হয় সাকিব বিরোধীরা।
এর মধ্যেই এক সাকিব ভক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়। তবে সাংবাদিকদের ওই সাকিব ভক্ত বলেন, তিনি রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেননি, শুধু সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন।
স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সাকিবিয়ান ও সাকিব বিরোধীদের মধ্যে ঝামেলা চলার সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল।
আন্দোলনকারীরা খেলা সংক্রান্ত এই দাবির সঙ্গে রাজনীতি যুক্ত না করার আহ্বানও জানান। এসময় বোর্ড সভাপতি ফারুক আহমেদকে ব্যর্থ বলেও উল্লেখ করেছেন আন্দোলনকারীদের মুখপাত্র।
সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সাথে অবসর গ্রহণের দাবি তার ভক্তদের। না মানলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন তারা।
গত ভারত সফরে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি জানান নিরাপত্তা দিলে শেষ টেস্টটা খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। বিসিবি সভাপতি শুরুতে নিরাপত্তার আশ্বাস না দিলেও পরে সাকিবকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেন। সাকিবকে রেখেই ঘোষিত হয় প্রথম টেস্টের দল। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওয়ানাও দেন সাকিব। কিন্তু দুবাই আসার পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বারণ করা হয়।
ওইদিনই সাকিবের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন একদল। তারা সাকিবের শাস্তিও দাবি করেন। সাকিবের দেশে ফেরা বাতিল হয়ে গেলে আবার আন্দোলনে নামেন সাকিব ভক্তরা। সাকিবকে দেশে ফেরানোর দাবিতে গত দুদিন ধরে বিক্ষোভ চালাচ্ছিলেন তারা।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী থেকে টেস্ট ম্যাচ শুরু হবে।
আপনার মন্তব্য