২৭ অক্টোবর, ২০২৪ ১২:০৩
একটা সময়ে এল ক্লাসিকোতে জমত ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াই। ফুটবল ইতিহাসে এ দুই কিংবদন্তি একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পণে যেন নামতেন মাঠে। উপভোগ করতেন দর্শকেরা। এখন রিয়াল মাদ্রিদে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো, বার্সেলোনায় নেই লিওনেল মেসি। তারা দুজন না থাকলেও যেন থাকেন মাঠে।
গত রাতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মাঠে স্বাগতিকদের হারিয়ে দিয়েছে বার্সেলোনা। এই ফুটবল কিংবদন্তি মাঠে না থাকলেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফিরিয়ে এনেছেন মাঠে লামিন ইয়ামাল; উদযাপনে। রোনালদোর ভঙ্গিতে উদযাপন করেছেন গোল।
গোল করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদ্যাপন (এই উদ্যাপনের অর্থ হচ্ছে শান্ত থাকো, আমি আছি) ফিরিয়ে এনেছেন ইয়ামাল। সাধারণত এই উদযাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দিতে দেখা যায় রোনালদোকে।
এরপর একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে এই উদ্যাপন শেষ করেন ‘সিআর সেভেন’। বার্নাব্যুর দর্শকদের কাছে এই উদ্যাপনের সমার্থক হচ্ছেন রোনালদো।
এই উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইয়ামাল। ক্যাপশনে লিখেছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’
ম্যাচের ৭৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে গোল করেন লামিনে ইয়ামাল। লা লিগার চলতি মৌসুমে এটা তার পঞ্চম গোল। এল ক্লাসিকোতে আবার এটিই ইয়ামালের প্রথম গোল। সবমিলিয়ে ১৪ ম্যাচে ৬ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। এই গোলে নতুন এক কীর্তিও গড়লেন স্প্যানিশ উইঙ্গার।
ইয়ামালই এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। শনিবার রাতে গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।
লামিন ইয়ামালের এই উদযাপনকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি মাত্রই পেশাদার ফুটবলে আসা লামিন ইয়ামালের ট্রল বলছেন, কিন্তু এনিয়ে পৃথক কোন ব্যাখ্যা দেন ইয়ামাল।
আপনার মন্তব্য