স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৪ ১১:০৪

ভিনির পেনাল্টি মিসে ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের ড্র

ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসে ভেনিজুয়েলার বিপক্ষে ড্র করেছে ব্রাজিল। ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে গোল করেছেন রাফিনিয়া। অপরদিকে ভেনিজুয়েলার বিপক্ষে গোল করেন তেলাসকো সাগাভিয়া।

৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বাঁ পায়ের দারুণ শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনা তারকা। ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে এটা তার প্রথম গোল।

তবে ব্রাজিলের এই এগিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩৮ সেকেন্ড বক্সের মাথা থেকে জোরাল শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।

গতিময় এ ম্যাচে ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে ৬৩ মিনিটে। ভেনিজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়াস। তাকে ফেলে দেওয়ার পর ভিএআরে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু পেনাল্টি থেকে ভিনিসিয়াসের শট ঠেকিয়ে দেন রোমো। বাঁ দিকের পোস্টে ডান পায়ের দুর্বল শট নিয়েছিলেন ভিনি। রোমো ঠেকানোর পর ফিরতি বলে ভিনি শট নিয়েছেন পোস্টের বাইরে।

জয়ের জন্য শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের চতুর্থ ও সপ্তম মিনিটে ভিনিসিয়াস ও এস্তেভাওয়ের দুটি চেষ্টা রুখে দেয় ভেনিজুয়েলার রক্ষণ। তার আগেই অবশ্য ১০ জনে পরিণত হয় স্বাগতিকেরা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস।

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এস্তেভাওয়ের বাঁ পায়ের শট ঠেকান গোলকিপার রোমো। সপ্তম মিনিটে ভিনির হেডও ভেনিজুয়েলার জাল পর্যন্ত পৌঁছায়নি। প্রথমার্ধে একবার পোস্টেও বল মেরেছেন রিয়াল মাদ্রিদ তারকা। গত শনিবার লা লিগায় রিয়ালের হয়ে হ্যাটট্রিক করা ভিনি ম্যাচের পুরো সময় ব্রাজিলের আক্রমণভাগের কেন্দ্রবিন্দু হয়েও গোল পাননি। তবে গারসনও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন। একটি শট পোস্টের ওপর দিয়ে মেরেছেন। অন্যটি ঠেকিয়ে দেন রোমো।৫৮ ও ৬৫ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল ভেনিজুয়েলাও।

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে তৃতীয় ব্রাজিল।

আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

আপনার মন্তব্য

আলোচিত