সিলেটটুডে ডেস্ক:

০৮ জুলাই, ২০২১ ০২:৩৩

সৌদি যুবরাজের বিরুদ্ধে ৭ নারীর অভিযোগ

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের এক যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে গুরুতর অভিযোগ করেছেন তারই সাত নারী কর্মচারী। অভিযোগ জানানো ওই সাত নারীর অধিকাংশই ফিলিপাইনের।

সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের বরাতে জানা যায়, এ অভিযোগের ওপর ভিত্তি করে বিষয়টি তদন্ত করে দেখছেন ফরাসি প্রসিকিউটরা। সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন প্যারিসের বাইরের একটি অ্যাপার্টমেন্টে তিনি সাত কর্মচারীকে আধুনিককালের দাসত্বের মধ্যে রেখেছিলেন।

ওই সাত নারী সৌদি আরব ও ফ্রান্সে যুবরাজ এবং তার পরিবারের কর্মচারী হিসেবে কাজ করেছেন। অভিযোগে তারা বলেন, কয়েকজনকে ঘরের মেঝেতেই ঘুমাতে হতো। রাজপুত্রের চার সন্তানের জন্য পরিবেশন করার সময় শুধু খাবার জুটত তাদের।

ফরাসি গণমাধ্যম লে প্যারিসিয়েনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৮, ২০১৩ ও ২০১৫ সালে ওই নারীদের সাথে নিম্নমানের আচরণ করা হয়েছে। ওই নারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবপাচার সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

মামলার প্রসিকিউটররা অভিযোগের বিষয়ে ওই নারীদের বক্তব্য শুনেছেন। অভিযুক্ত সৌদি যুবরাজ এই মুহূর্তে ফ্রান্সে না থাকায় তার কোনো বক্তব্য নিতে পারেননি প্রসিকিউটররা।

এর আগেও এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে সৌদি আরবের প্রিন্সেস হাসসা বিনতে সালমানের বিরুদ্ধে। সেসময় তাকে জরিমানা করা হয়েছিল ১১ হাজার মার্কিন ডলার।

আপনার মন্তব্য

আলোচিত