নিউজ ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩০

স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের পরিকল্পনা শেখ হাসিনার

আগামী ১৬ ডিসেম্বর একটি স্থলসীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম । দি ইন্ডিয়ান এক্সপ্রেস

সূত্রের বরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সীমান্তের বেশ কয়েকটি প্রবেশপথ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। বিবেচনায় থাকা পথগুলোর মধ্যে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত অন্যতম। এছাড়া আগরতলা-আখাউড়া ও শিলিগুড়ি সীমান্তের মতো আরও কয়েকটি সম্ভাব্য রুট নিয়েও আলোচনা চলছে।

প্রতিবেদন অনুসারে, বিবেচনাধীন পথগুলোর একটি হলো পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। পেট্রাপোল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও সীমান্ত পেরিয়ে মানুষের যাতায়াতের অন্যতম প্রধান কেন্দ্র। অন্যদিকে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, বৈধ পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা সম্ভব নয় বলে সড়কপথের বিকল্প বিবেচনা করছেন হাসিনা।

২০২৪ সালের ২২ আগস্ট তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। এরপর ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ঢাকা ছেড়ে ভারতে পালান হাসিনা। এরপর বিভিন্ন সময় তিনি দেশে ফেরার কথা বলেছেন। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ ডিসেম্বর দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইদি) চেয়েছেন হাসিনা। এছাড়া তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারকে ফ্লাইটের ব্যবস্থাও করতে বলেছেন।

তবে বাংলাদেশ সরকার বারবার বলে এসেছে, হাসিনাকে কেবল প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত দিতে হবে।

২৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, অপরাধী হিসেবে শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব কেবল হাতকড়া পরানো অবস্থায় অথবা কঠোর নজরদারিতে।

তিনি বলেন, 'আমি এর আগেও সিলেটে বলেছি, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। কেউই ডিসেম্বরে আসবেন না। কেবল শীত আসবে।'

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে তা হবে শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী।

 

আপনার মন্তব্য

আলোচিত