সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১ ১৯:০২

মুরাদের বিরুদ্ধে মামলা নেয়নি ঢাকার আদালত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলার আবেদনে গ্রহণযোগ্য ‘উপাদান না পাওয়ায়’ তা খারিজের আদেশ দেন।

জাইমা রহমান সম্পর্কে ‘কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক’ বক্তব্যের অভিযোগে মুরাদ ও মহিউদ্দিন হেলাল নাহিদ নামে একজনের বিরুদ্ধে রোববার মামলার আবেদন করা হয়।

জাইমাকে নিয়ে ‘কুরুচিপূর্ণ, অশ্লীল ও বিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগে ঢাকাসহ চার বিভাগের সাইবার ট্রাইব্যুনালে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেটে বাদীদের বক্তব্য শুনে আদালত ১৫ ডিসেম্বর আদেশের দিন রেখেছে। সেদিনই জানা যাবে মামলাগুলো গ্রহণ করা হবে কি না। ঢাকার পাশাপাশি রাজশাহীতে আদালত মামলা নেননি।

সবগুলো মামলার আর্জিতেই জামালপুরের এমপি মুরাদ হাসানের পাশাপাশি মহিউদ্দিন হেলাল নাহিদ নামে আরেকজনকে আসামি করা হয়েছে। বলা হচ্ছে, নাহিদ রেইন্স নামে তার ফেসবুকে পেইজে প্রচারিত এক ভিডিও সাক্ষাৎকারেই জাইমাকে নিয়ে ‘ওই আপত্তিকর মন্তব্য’ করেছিলেন মুরাদ।

ওই মন্তব্য নিয়ে আলোচনার মধ্যেই সম্প্রতি একজন চিত্রনায়িকাকে টেলিফোনে অশালীন মন্তব্য এবং হুমকি দেওয়ার অডিও ফাঁস হলে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে মুরাদ হাসনকে বাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও তাকে সরানো হয়।

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান এরপর কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন, কিন্তু কানাডায় ঢুকতে না পারায় তিনদিনের মাথায় তাকে দেশে ফেরত আসতে হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত