১৪ ডিসেম্বর, ২০২১ ২০:৩৩
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত মধুর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত মধুর। প্রতিনিয়ত তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করছি। হঠাৎ করে কেন তারা নিষেধাজ্ঞা দিলো এটা নিয়ে ওদের সঙ্গে আলোচনা করবো।’
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভার্চ্যুয়ালি অংশ নেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্ত সঠিক নয়। এর অনেক নজির আছে। উনাদেরও অনেক পরিপক্ব ও জ্ঞানী লোক আছেন। তারা যাতে তাদের অবস্থান পরিবর্তন করে আমরা সেই প্রচেষ্টাই চালাবো। আর এ সিদ্ধান্তে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করি, ওই দেশে পরিপক্ব লোকজন আছেন, জ্ঞানী লোক আছেন, তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন।’
আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬ লাখ লোক নিখোঁজ হয়। সেখানেও বিচারবহির্ভূত হত্যা হয়। তবে যুক্তরাষ্ট্রে যারা এসব করে তাদের বিরুদ্ধে শাস্তি দেয়ার কথা আমি কোনো দিন শুনিনি।’
মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আলাপ-আলোচনা করে উত্তর দেব। একা হুট করে উত্তর দেওয়া ঠিক হবে না। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ছয় লাখ লোক নিখোঁজ হয়। আর এরা যুক্তরাষ্ট্র বলছে, গত ১০ বছরে বাংলাদেশে দেশে নাকি ৬০০ লোক নিখোঁজ হয়েছে। ছয় লাখ আর ছয়শ! আমেরিকার তথ্য অনুযায়ী, প্রতিবছর সেখানে হাজারখানেক লোককে পুলিশ গুলি করে মেরে ফেলে। আর আমাদের এখানে কালেভদ্রে একজন-দুজন মারা যায়। কিন্তু আমেরিকায় যে এত লোক মারা যায়, এ নিয়ে আমেরিকান সংবাদমাধ্যম-টাধ্যম খুব... কারণ তারা মনে করে, লাইন অব ডিউটিতে এই কাজটা করেছে।’
আপনার মন্তব্য