সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১ ১০:৫৫

ভারতের রাষ্ট্রপতির তিনদিনের ঢাকা সফরে যা থাকছে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সফরে আজ বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় সফর করবেন। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তার এ সফর।

১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার দেয়া হবে।

এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। একই দিন দুপুরে তিনি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

পরে ভারতের রাষ্ট্রপতি বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক ও একটি মিগ-২১ যুদ্ধ বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেওয়া হবে। এরপর ভারতের রাষ্ট্রপতি তার সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতির নৈশভোজে অংশগ্রহণ করবেন।

১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত “মহাবিজয়ের মহানায়ক” অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ নেবেন তিনি।

সফরের তৃতীয় দিন ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনার কালীমন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন ও মন্দির পরিদর্শন করবেন। এ সময় তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করবেন। একই দিনে রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই বাংলাদেশে প্রথম সফর।

আপনার মন্তব্য

আলোচিত